রাজধানীর পল্লবী বিহারি ক্যাম্পে মৃতদেহের গোসলখানা নির্মাণকে কেন্দ্র করে জামায়াত ও বিএনপিপন্থি দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় ফাঁকা গুলিবর্ষণেরও খবর পাওয়া গেছে।শনিবার (২৯ আগস্ট) বিকেল ৪টার দিকে পল্লবী থানার ১১ নম্বর সেকশনের ১২ নম্বর রোড এলাকায় এ ঘটনা ঘটে।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ক্যাম্পে একটি মৃতদেহের গোসলখানা নির্মাণের সময় পানির পাম্প বসানো নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে তা ধাওয়া-পাল্টাধাওয়ায় রূপ নেয়। স্থানীয় সূত্রে জানা গেছে, সেকশন-১১ তালাব ক্যাম্পে গোসলখানা নির্মাণের কাজকে কেন্দ্র করে প্রথমে দুই পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।
এক পক্ষের নেতৃত্বে ছিলেন সুমন ও জামায়াতের কর্মী মানিক। তাদের সঙ্গে প্রায় ৫০ থেকে ৬০ জন ছিলেন বলে জানা গেছে। অপর পক্ষের নেতৃত্বে ছিলেন বিএনপিপন্থি ছাত্রদলের আহ্বায়ক সোহেল ও বিহারি সংগঠনের নেতা সাদাকাত খান ফাক্কু। তাদের সঙ্গে প্রায় ২০০ থেকে ২৫০ জন লোক ছিলেন।
সংঘর্ষের সময় উভয় পক্ষের মধ্যে কয়েক রাউন্ড ফাঁকা গুলিবর্ষণের ঘটনাও ঘটে। এতে ক্যাম্প এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এলাকায় অবস্থান নিয়েছেন। পরিস্থিতি বর্তমানে পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।